ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কেউ বাড়িতে ফিরতে পারবে না: হাসনাত আব্দুল্লাহ

প্রকাশ :
সংশোধিত :

নির্বাচনে ভোটকেন্দ্র দখলের কথা কেউ ভেবে থাকলে তাদের হুঁশিয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেছেন, “১২ তারিখ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কেউ বাড়িতে ফিরতে পারবে না। ভারত চায় না তরুণ প্রজন্ম ভোটে জিতুক, চাঁদাবাজরা চায় না তরুণ প্রজন্ম জিতুক, জুলাইয়ে যারা রক্ত দিয়েছে বিজয় ছাড়া তাদের কোনো বিকল্প নেই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি জনসভায় এ কথা বলেন হাসনাত। সমাবেশে সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মিজানুর রহমান। এতে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াত নেতা রফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা এস এম সাইফ মোস্তফিজ ও উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুল খালেকসহ অন্যরা সমাবেশে বক্তব্য দেন।
হাসনাত বলেন, “দেশের জন্য এই তরুণরা ৫২, ৫৪, ৭১ ও ২৪ সালে রক্ত দিয়েছে। তারা রক্ত দিতে দিতে ক্লান্ত। আমরা আগামীতে এমন বাংলাদেশ তৈরি করতে চাই, যাতে তরুণদের আর রক্ত দিতে না হয়।
“আগামী ১০০ বছর বাংলাদেশ কোন পথে যাবে; প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগের অবস্থা কেমন হবে; তরুণ প্রজন্ম চাকরি পাবে কি পাবে না-আগামী নির্বাচনে তার ভাগ্য নির্ধারণ হবে। ১২ তারিখ বাংলাদেশ এগিয়ে যাবে, নাকি পিছিয়ে পড়বে-সেটার ভাগ্য নির্ধারণের দিন।”
প্রশাসন ও পুলিশের সমালেচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, “অতীতে ভোটের আগে এসপি, ডিসি, এসআই ও কনস্টেবলদের কাছে টাকা পাঠানো হতো। এবার যদি আপনারা এ রকম করেন এবং ভোট কেন্দ্র দখল করেন। জনগণের কাছে আপনাদের দায়বদ্ধতা আছে, বিশ্বাস করেন আপনারা আগামীতে পালানোর পথ খুঁজে পাবেন না।
“অতীতে পোস্টিংয়ের জন্য আপনাদের রাজনৈতিক দলের নেতাদের কাছে ধরনা দিতে হতো, আমরা এটা চাই না। ১২ তারিখ আপনাদের স্বচ্ছতার জবাব দেওয়ার দিন।”
সংবাদমাধ্যম প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, “৫ অগাস্টের পরে কিছু কিছু লোক মিডিয়াগুলো দখল করে নিয়েছে। দালাল মালিকদের কারণে মিডিয়ার সাংবাদিকরা আজ নিরুপায়। জনগন মিডিয়াকে বিশ্বাস করে না, আপনারা জনগণের কাতারে নেমে আসুন।”
সভাশেষে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা এসএম সাইফ মোস্তফিজ ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে একই জোটের প্রার্থী জামায়াত নেতা রফিকুল ইসলাম খানকে পরিচয় করিয়ে দেওয়া হয়।


For all latest news, follow The Financial Express Google News channel.